ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি করা ভুল হয়েছে নয়তো নেপালের ছাত্রদের মতো আমরাও ক্ষমতায় যেতাম।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি করা ভুল হয়েছে নয়তো নেপালের ছাত্রদের মতো আমরাও ক্ষমতায় যেতাম’ শীর্ষক মন্তব্য করেননি আসিফ মাহমুদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে ফটোকার্ডের ডান পাশের নিচের অংশে হ্যাশট্যাগে স্যাটেয়ার হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরণের তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী একাধিক
পোস্ট প্রকাশ করা হয়েছে (১,২,৩)।
সুতরাং, আসিফ মাহমুদ ‘ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি করা ভুল হয়েছে নয়তো নেপালের ছাত্রদের মতো আমরাও ক্ষমতায় যেতাম’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- NewsTime TV: Facebook Post
- Rumor Scanner’s analysis

