উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়ার দাবিতে ইউপি সদস্যের বাড়ির ভিডিও প্রচার

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি ব্যবসায় নামার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। যার ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এক আদেশ জারির মাধ্যমে তার লাইসেন্স বাতিল করে। সম্প্রতি, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হচ্ছে, এসময় তার বাবাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশদের ঘুষ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন।

প্রচারিত ভিডিওটিতে পুলিশ সদস্যদের পাশাপাশি একজন দাঁড়িওয়ালা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে। যাকে তার বাড়িতে চালের বস্তা পাওয়া বিষয়ে একজন নারীকে বিভিন্ন কথা বলতেও শোনা যায় ভিডিওটিতে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঘর থেকে চাল উদ্ধার করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মো. জামাল হোসেনের ফেসবুক আইডিতে গত ২ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়াও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, এটি শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের (কৃষ্ণপুর) ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যর বসতঘর থেকে দুঃস্থদের খাদ্য সহায়তার ১৬ বস্তা চাল উদ্ধারের ভিডিও। পাশপাশি জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার উপস্থিতিতে গভীর রাতে অভিজান চালিয়ে এসব মালামাল জব্দ ও ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম বিডিনিউজ২৪-এর ওয়েবসাইটে গত ২ জুন চাঁদপুরে বসতঘরে ভিজিএফের চাল, ইউপি সদস্য গ্রেপ্তার শীর্ষক শিরোনামে উক্ত ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, উক্ত ইউপি সদস্যের নাম মো. হুমায়ুন কবির। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও ইউএনও নিগার সুলতানার বরাতে জানানো হয়, ঈদ উপলক্ষে নিজ ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য এই ১৬ বস্তা আতপ চাল বরাদ্দ পান হুমায়ুন কবির।

অর্থাৎ, আলোচিত ভিডিওর দাবির জব্দের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা তার বাবার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া, ১২শ বস্তা নয়, আলোচিত ভিডিওর ঘটনায় ১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সুতরাং, চাঁদপুরের এক ইউপি সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধারের ভিডিওকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২শ বস্তা পাওয়া ও তার বাবার পুলিশকে ঘুষ দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: