জামায়াত মুনাফেকি শুরু করে দিল শীর্ষক আসিফ মাহমুদের বক্তব্যের এই ভিডিওটি ডিপফেক 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে আসিফ মাহমুদকে বলতে শোনা যায়, ‘জামায়াত আমাদের সাথে মুনাফেকি শুরু করে দিল। আমি পরিষ্কার করে বলতে চাই আমি নির্বাচন করবো এটা আমি দেড় মাস আগেই ঘোষণা দিয়েছিলাম। তবুও তারা পেছন থেকে খেলতে শুরু করেছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ফেসবুক পোস্টটি এককভাবে ৬ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৩১ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত মুনাফেকি শুরু করে দিল শীর্ষক আসিফ মাহমুদের বক্তব্যের এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় আসিফ মাহমুদের ভিন্ন এক দৃশ্যের সহায়তায় তৈরি ডিপফেক ভিডিও এটি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আসিফ মাহমুদের এরূপ কোনো বক্তব্য দেওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি রিভার্স সার্চ করলে উক্ত ভিডিওটি আসল হওয়ার সপক্ষেও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে আসিফ মাহমুদের কণ্ঠ, বক্তব্যের সাথে তার মুখভঙ্গি ও ঠোঁটের নড়াচড়ায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এসব অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি কনটেন্টে দেখা যায়।

প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে ‘আসিফ মাহমুদ সমর্থক গোষ্ঠী’ নামক একটি ফেসবুক পেজে গত ৪ মে তারিখে ‘এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আসিফ মাহমুদ’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

এছাড়াও, এবি পার্টির ফেসবুক পেজে গত ২ মে তারিখে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে ২৬টি ছবির সংযুক্তি সহ এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে লেখা হয়েছে। পোস্টটিতে আসিফ মাহমুদের বক্তব্য প্রদানের সময়কালে ধারণকৃত একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

এছাড়াও, এবি পার্টির ফেসবুক পেজে গত ৬ মে তারিখে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া আসিফ মাহমুদের বক্তব্যের ভিডিও পাওয়া যায়। তাতে আসিফ মাহমুদ এবি পার্টির নানা নেতার প্রতি জুলাই গণঅভ্যুত্থানসহ নানাসময়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তবে এ বক্তব্যে আসিফ মাহমুদকে আলোচিত মন্তব্য করতে দেখা যায়নি।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আসিফ মাহমুদের বক্তব্য দেওয়ার সময়কালে ধারণকৃত দৃশ্যের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, জামায়াত মুনাফেকি শুরু করে দিল শীর্ষক আসিফ মাহমুদের আসল বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও।

তথ্যসূত্র

  • আসিফ মাহমুদ সমর্থক গোষ্ঠী – Facebook Post
  • Amar Bangladesh Party-এবি পার্টি – Facebook Post
  • Amar Bangladesh Party-এবি পার্টি – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: