মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে জড়িয়ে প্রধান উপদেষ্টার নেতিবাচক মন্তব্য দাবিতে যমুনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সদ্য সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “এই দুইজন অনেক চালাক, শেষ মুহূর্তে আমার উপর সব কিছু চাপিয়ে দিয়ে গেলো” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ড. মুহাম্মদ ইউনূসের ভিন্ন মন্তব্য সংবলিত যমুনা টিভির একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, যমুনার ফেসবুক পেজে গতকাল (১০ ডিসেম্বর) প্রকাশিত ‘তোমরা অল্প সময়ে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে প্রধান উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ‘তোমরা অল্প সময়ে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না’ শীর্ষক মন্তব্য করেছেন। যা পরিবর্তন করে “এই দুইজন অনেক চালাক, শেষ মুহূর্তে আমার উপর সব কিছু চাপিয়ে দিয়ে গেলো” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত যমুনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগপত্র গ্রহণের সময় তাদের উদ্দেশ্য করে বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।

সুতরাং, মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ড. মুহাম্মদ ইউনূস “এই দুইজন অনেক চালাক, শেষ মুহূর্তে আমার উপর সব কিছু চাপিয়ে দিয়ে গেলো” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: