নির্বাচনে জয়ী হলে আ.লীগের মতো বিএনপিকেও বিতাড়িত করা সংক্রান্ত কোনো মন্তব্য আসিফ মাহমুদ করেননি

সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ ‘নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগের মতন বিএনপিকে ও দেশ থেকে বিতাড়িত করবো’ শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগের মতন বিএনপিকে ও দেশ থেকে বিতাড়িত করবো’ শীর্ষক কোনো মন্তব্য আসিফ মাহমুদ করেননি বরং, আসিফ মাহমুদ এমন কিছু বলেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
আসিফ মাহমুদ এমন মন্তব্য করলে গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এনসিপির ফেসবুক পেজ কিংবা আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ৩১ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিকে সতর্ক করে বলেছিলেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। একইসঙ্গে এতে দেশ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।”
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “আসিফ মাহমুদ এমন কিছু বলেননি।”
সুতরাং, আসিফ মাহমুদ ‘নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগের মতন বিএনপিকে ও দেশ থেকে বিতাড়িত করবো’ শীর্ষক মন্তব্যটি করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NCP- Facebook Page
- Asif Mahmud- Facebook Account & Page
- Bdnews24- আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি: আসিফ
- Yeasir Arafat- Statement

