সম্পদের হিসাব নিয়ে আসিফ মাহমুদের নামে স্যাটায়ার পেজের পোস্ট আসল দাবিতে ভাইরাল 

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া “আমার সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমার সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে” বলে মন্তব্য করেননি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে, ‘Gorom TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ ফেব্রুয়ারি আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট প্রচার হতে দেখা যায়। তবে, এই পোস্টটির প্রেক্ষিতেও কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

পরবর্তীতে, ‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি’ শীর্ষক লেখা দেখা যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ একাধিক (, , ) ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক এই উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।

সুতরাং, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া “আমার সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: