‘হাদি হাদি চুতিয়া’ নয়, কাওয়ালির লাইন গাইছিলেন আসিফ মাহমুদরা

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সঙ্গীরা গানের আসরে ‘হাদি হাদি চুতিয়া’ গান গাচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সঙ্গীরা গানের আসরে ‘হাদি হাদি চুতিয়া’ গান গেয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, তারা ‘হারি হারি চুড়িয়া, গোরি গোরি বাইয়া’ বলছিলেন, যা ‘ছাপ তিলাক’ নামের একটি কাওয়ালির অংশ।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Asif Mahmud Fans Club’ নামের একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটির মূল সংস্করণ পাওয়া যায়। সেখানে গানের শব্দগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, ‘হাদি হাদি চুতিয়া’ নয় বরং তারা ‘হারি হারি চুড়িয়া’ বলছিলেন। উল্লেখ্য, এ ধরনের বাক্যাংশ একটি জনপ্রিয় কাওয়ালি গানের অংশ হিসেবেই পরিচিত।

আরো অনুসন্ধানে অনলাইন সূত্রে ১৩শ শতাব্দীর প্রখ্যাত সুফি কবি, সংগীতজ্ঞ ও পণ্ডিত আমির খসরুর রচিত ‘ছাপ তিলক’ (Chaap Tilak) নামের সুফি সংগীত বা কাওয়ালিটি পাওয়া যায়। উক্ত কাওয়ালির একটি অংশে বলা হয়েছে, “hari hari churiyan, bayyan pakar dhar leeni ray mosay naina milaikay”। এ অংশটির অর্থ হলো, সবুজ রঙের চুড়ি পরা কোমল হাত দৃঢ়ভাবে ধরে রাখা হয়েছে এবং চোখে চোখ রেখে গভীর প্রেম বা আধ্যাত্মিক সংযোগের প্রকাশ ঘটানো হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও প্রচার করে ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সঙ্গীরা গানের আসরে ‘হাদি হাদি চুতিয়া’ গান গেয়েছেন ’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছিল। সে সময়ে বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আসিফ মাহমুদের গানের আসরে ‘হাদি হাদি চুতিয়া’ নয়, ‘হারি হারি চুড়িয়া’ গাওয়া হয়েছে

Share: