৭২ এর সংবিধান প্রসঙ্গে আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ‘সরকার যদি ৭২এর সংবিধান বাতিল না করে তাহলে ছাত্রদেরকে নিয়ে আবার ও গন অভ্যুত্থান করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭২ এর সংবিধান বাতিল প্রসঙ্গে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ নজরুলের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে সংবিধান বাতিলের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো বক্তব্য দিলে সেটি জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ৭২- এর সংবিধান বাতিল প্রসঙ্গে আসিফ নজরুলের এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে আসিফ নজরুল ৭২ এর সংবিধান বিতর্ক প্রসঙ্গে বলেছিলেন– “আগামী জাতীয় নির্বাচনের (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) পর নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত ১৯৭২ সালের সংবিধানে মৌলিক ধারা পরিবর্তনসহ প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। সংবিধান প্রণয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং পুরো কাজ সম্পন্ন করতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে। সংসদ সংবিধান তৈরি করে এবং একইসঙ্গে নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রও তৈরি করে। পার্শ্ববর্তী অনেক দেশেই নতুন সংবিধান প্রণয়নে আট-নয় বছর সময় লেগেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘ সময় লাগতে পারে। এ সময়টাতে ৭২-এর সংবিধানই কার্যকর রাখা হবে এবং সংসদ প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করে চলবে।”

সুতরাং, আসিফ নজরুল ‘সরকার যদি ৭২এর সংবিধান বাতিল না করে তাহলে ছাত্রদেরকে নিয়ে আবার ও গন অভ্যুত্থান করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: