ট্রাভেল পাস নিয়ে দেশে আসায় তারেক রহমান নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেননি  আসিফ নজরুল

সম্প্রতি, ‘২৫ দিনের ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসায় নির্বাচন করতে পারবে না তারেক রহমান ডক্টর আসিফ নজরুল’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৫ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। তবে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের কোনো মিল খুঁজে পাওয়া যায় নি৷

পরবর্তীতে যমুনা টিভির ফেসবুক পেজ প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণের অস্তিত্ব মেলেনি।

উল্লেখ্য, আসিফ নজরুলের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সেবিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে আসিফ নজরুলের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গত ২৫ ডিসেম্বর রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট না পাওয়ায় ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন। দেশে ফিরে জাতীয় পরিচয় পত্রের কাজ সম্পন্ন করেন তিনি। গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। ৩ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সুতরাং, ট্রাভেল পাস নিয়ে দেশে আসায় তারেক রহমান নির্বাচন করতে পারবেন না বলে আসিফ নজরুল মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: