বৃদ্ধ বয়সে লোভ নিয়ে আসিফ নজরুলের পোস্টটি ড. ইউনূস নিয়ে ছিল না, ইউনূসের ছবি যুক্ত করে অপপ্রচার

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ২০১৯ সালের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে ব্যাপক সমালোচনা লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার৷ দাবি করা হচ্ছে, ২০১৯ সালের ২২ আগস্ট আসিফ নজরুল “অতিবৃদ্ধ বয়েসেও এতো লোভ তার! রা বি শ!” শীর্ষক বাক্য ক্যাপশনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করে পোস্টটি করেন।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৃদ্ধ বয়সে লোভ নিয়ে আসিফ নজরুলের ২০১৯ সালের আলোচিত পোস্টটি ‘টেক্সট অনলি’ ছিল। পোস্টে ড. ইউনূস বা অন্য কারো ছবি যুক্ত ছিল না। পোস্টটির স্ক্রিনশট ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে তাতে ড. ইউনূসের ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আসিফ নজরুলের আলোচিত পোস্টটির কারিগরি দিক বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার। ২০১৯ সালের ২২ আগস্ট পোস্টটি করার দিনই জনাব আসিফ তার এই পোস্ট সর্বমোট পাঁচ বার সম্পাদনা করেন। এই সম্পাদনাগুলোর মাধ্যমে তিনি মূলত শব্দ সংযোজন বিয়োজন করেন৷ কোনো ছবি যুক্ত বা সরাননি তিনি।

সম্প্রতি তার এই পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে তাতে সম্পাদনার মাধ্যমে ড. ইউনূসের ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে এভাবে যে, এই পোস্টটিতে ড. ইউনূসের ছবি যুক্ত আছে এবং জনাব আসিফ ড. ইউনূসকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন। অথচ, এই পোস্টে ড. ইউনূস বা অন্য কারো কোনো ছবিই যুক্ত ছিল না।

আসিফ তার এই পোস্ট কোন প্রেক্ষাপট বা কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা জানতে পোস্টের সে সময়কার কমেন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, কতিপয় কমেন্ট ছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রসঙ্গে। এক ব্যক্তি মুহিতের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়ে একটি কমেন্ট করেন পোস্টে। আসিফ তার পোস্টে রাবিশ শব্দটি ব্যবহার করেছেন। আবুল মাল আবদুল মুহিত কোনো সংবাদ সম্মেলনে কিংবা অনুষ্ঠানে প্রকাশ্যে ‘রাবিশ’ বলে গালি দিতেন।

খোঁজ নিয়ে জানা যায়, সে সময় মুহিত সংসদ সদস্য বা মন্ত্রী না হওয়া সত্ত্বেও শুল্কমুক্ত টয়োটা ল্যান্ড ক্রুজার-ভি৮ মডেলের বিলাসবহুল জিপ গাড়ি আমদানির সুযোগ পাওয়ায় সমালোচিত হন৷ এর প্রেক্ষিতে আসিফ নজরুল এই পোস্টটি দিয়ে থাকতে পারেন বলে প্রতীয়মান হচ্ছে।

রিউমর স্ক্যানার এ বিষয়ে জানতে আসিফ নজরুলের সাথে কথা বলেছে। তিনিও জানিয়েছেন, পোস্টটি আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে দেওয়া হয়েছিল।

সুতরাং, আবুল মাল আব্দুল মুহিত প্রসঙ্গে আসিফ নজরুলের দেওয়া পুরোনো ফেসবুক পোস্ট ড. ইউনূসকে নিয়ে দেওয়া পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২৫ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে ফেসবুকে একই দাবি সম্বলিত কতিপয় পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

Share: