‘দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এইধরনের কথা বলে জামায়াত ইসলামী মানুষকে বিভ্রান্ত করছে’ বলে মন্তব্য করেননি আসিফ নজরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা ব্যক্তি জান্নাত ও ইসলাম ধর্মের নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়েছেন৷ এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন- ‘দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এইধরনের কথা বলে, জামায়াত ইসলামী মানুষকে বিভ্রান্ত করছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে ১ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এইধরনের কথা বলে, জামায়াত ইসলামী মানুষকে বিভ্রান্ত করছে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আসিফ নজরুলের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আসিফ নজরুল এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, আসিফ নজরুলের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সমালোচনা করেন আসিফ নজরুল। এছাড়াও, ‘জুলাইযোদ্ধা’ সুরভীকে গ্রেফতারের বিষয়ে আসিফ নজরুল লিখেন ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’ তবে কোথাও আসিফ নজরুলকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, আসিফ নজরুল ‘দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এইধরনের কথা বলে, জামায়াত ইসলামী মানুষকে বিভ্রান্ত করছে’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul – Facebook Account
- Rumor Scanner’s analysis

