‘গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে’ বলে মন্তব্য করেননি আসিফ নজরুল

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট যেখানে ব্যালটে থাকা প্রশ্নের জবাবে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ এর মধ্য দিয়ে নিজের মতামত প্রকাশ করবেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন- ‘গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
পাশাপাশি, আলোচিত দাবিতে বিবিসি বাংলার লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতেও দেখা যায়। দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আসিফ নজরুলের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। এছাড়াও, এরূপ দাবিতে বিবিসি বাংলার লোগো সংবলিত প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আসিফ নজরুল এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, আসিফ নজরুলের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। বরং, অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ জানুয়ারি বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না, কারণ এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।’
বিবিসি বাংলার ফটোকার্ড যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে বিবিসি বাংলার লোগো উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টেরও অমিল লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিবিসি বাংলার ফটোকার্ড ডিজাইনের আদলে ভুয়া এই ফটোকার্ড তৈরি করা হয়েছে।
সুতরাং, আসিফ নজরুল ‘গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul – Facebook Account
- Bangla Tribune – ‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল
- Rumor Scanner’s analysis

