সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সংযুক্ত করে আসিফ নজরুলের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, ‘প্রবাসীরা ৬০দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৮ লক্ষ ৫০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, আসিফ নজরুলের মন্তব্য দাবিতে আরেকটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, আসিফ নজরুল বলেছেন, ‘প্রবাসীদের সাথে জুলুম করলে প্রয়োজনে আবার রেমিটেন্স শাটডাউন হবে’।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে ২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই’ শীর্ষক মন্তব্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল করেননি। প্রকৃতপক্ষে, সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, তবে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার তথ্যকে বিকৃত করে আসিফ নজরুলের আলোচিত মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও, ‘প্রবাসীদের সাথে জুলুম করলে প্রয়োজনে আবার রেমিটেন্স শাটডাউন হবে’ শীর্ষক মন্তব্যও আসিফ নজরুল করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ফাপড়বাজ’ নামের এক ফেসবুক পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘প্রবাসীরা ৬০দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই’ শীর্ষক ফটোকার্ড পর্যবেক্ষণ করলে তাতে কোনো গণমাধ্যমের লোগো বা ফটোকার্ড প্রকাশের তারিখ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমে আলোচিত মন্তব্য প্রচার করা হলে তাতে গণমাধ্যমের লোগো বা নাম থাকে। এ থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ফটোকার্ডটি কোনো মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়নি।
পরবর্তীতে আসিফ নজরুল ‘প্রবাসীরা ৬০দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই’ শীর্ষক কোনো মন্তব্য করেছেন কি না এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘বিবিসি বাংলা’র ওয়েবসাইটে গত ৩ ডিসেম্বরে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ‘প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, তবে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।’ তবে প্রতিবেদনে কোথাও আসিফ নজরুলের নামে প্রচারিত আলোচিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
অনুসন্ধানে আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে ৮ ডিসেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি সম্প্রতি প্রচারিত কিছু গুজব ও তার প্রেক্ষিতে আসল তথ্য তুলে ধরেন। পোস্টের এক পর্যায়ে তিনি লিখেন, ‘..গুজব কোন জায়গায় গেছে দেখেন: কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যেচারকে প্রতিরোধ করুন।..’
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ‘প্রবাসীরা ৬০দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই’ শীর্ষক মন্তব্য আসিফ নজরুল করেননি।
পরবর্তীতে, ‘প্রবাসীদের সাথে জুলুম করলে প্রয়োজনে আবার রেমিটেন্স শাটডাউন হবে’ শীর্ষক মন্তব্য আসিফ নজরুল করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে ‘Faporbaz’ নামের একটি লোগো দেখা যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Faporbaz’ নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়। ফেসবুক পেজটি পর্যবেক্ষণে গত ৯ মার্চে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের তুলনা করলে আসিফ নজরুলের বক্তব্য ব্যতীত বাকী সবকিছুর মিল পাওয়া যায়।
তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার অজুহাতে আসামিকে জামিন দেওয়া যাবে না। প্রশাসনের কোন গাফিলতি থাকলে শাস্তির সুনির্দিষ্ট বিধান আইনে যুক্ত করা হবে।’ শীর্ষক বাক্যেগুচ্ছের পরিবর্তে ‘প্রবাসীদের সাথে জুলুম করলে প্রয়োজনে আবার রেমিটেন্স শাটডাউন হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্ট ও টেক্সটের ডিজাইনেও পার্থক্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ‘ফাপড়বাজ’ এর ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আইন উপদেষ্টা আসিফ নজরুলের ‘প্রবাসীদের সাথে জুলুম করলে প্রয়োজনে আবার রেমিটেন্স শাটডাউন হবে’ শীর্ষক মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, প্রবাসীদের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য দাবিতে প্রচারিত আলোচিত ফটোকার্ডগুলো ভুয়া ও সম্পাদিত।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul – Facebook Post
- BBC Bangla – প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে
- Faporbaz – Facebook Post
- Rumor Scanner’s analysis


