উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দাবিতে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি ‘সুযোগ দিলে রাস্টপতি হয়ে জনগণের সেবা করবো – আসিফ নজরুল’ শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুল ‘সুযোগ দিলে রাষ্ট্রপতি হয়ে জনগণের সেবা করবো’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ইচ্ছা জ্ঞাপন করে উপদেষ্টা আসিফ নজরুল এরূপ কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৫ ফেব্রুয়ারি ‘আবারও মন্ত্রী হচ্ছেন আসিফ নজরুল? যা জানা গেল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ০২:৫৮ থেকে ০৩:০৩ পর্যন্ত অংশে একজন সাংবাদিকের আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলা ‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন বলে শোনা যাচ্ছে’ মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না’।

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

ড. আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, উপদেষ্টা আসিফ নজরুল ‘সুযোগ দিলে রাষ্ট্রপতি হয়ে জনগণের সেবা করবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: