শরীয়তপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জামায়াত নেতাকে জড়িয়ে ঢাকা মেইলের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘শরীয়তপুরে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ নি*র্যা*তন, জামায়েত নেতা গ্রেফতার’ শিরোনামে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শরীয়তপুরে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ নি*র্যা*তন, জামায়েত নেতা গ্রেফতার’ শিরোনামে ঢাকা মেইল কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঢাকা মেইল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা মেইলের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা মেইলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ঢাকা মেইলের ফেসবুক পেজে গত ১১ ডিসেম্বর ‘শরীয়তপুরে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ নি*র্যা*তন, গ্রে’ফ’তার ৪’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, ঢাকা মেইলের লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে কিছুটা ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডের শিরোনামে থাকা ‘গ্রেফতার ৪’ লেখাটি পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডে শিরোনামে ‘জামায়েত নেতা গ্রেফতার’ লেখা যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, ঢাকা মেইলের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ঢাকা মেইলের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,শরীয়তপুরে বন বিভাগের একটি বাগানে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ নির্যাতন ও ধ*র্ষ*ণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তরুণী ও তার বন্ধু মারধরের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা টাকা দাবি, মারধর, মোবাইল ছিনতাই ও ধর্ষণের পাশাপাশি ছবি ছড়ানোর হুমকিও দিয়েছিল…..। উক্ত প্রতিবেদনের কোথাও গ্রেফতারকৃত ব্যক্তিরা জামায়াত নেতা এমন কোনো দাবি করা হয়নি। একই সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সুতরাং, ‘শরীয়তপুরে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ নি*র্যা*তন, জামায়েত নেতা গ্রেফতার’ শিরোনামে ঢাকা মেইল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Dhaka Mail – Facebook Page
- Dhaka Mail– Website
- Dhaka Mail – YouTube Channel
- Dhaka Mail – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

