মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এটিএম আজহারুল ইসলামের বক্তব্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে জয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী এটি এম আজহারুল ইসলাম একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ‘২৪ এর পর ৭১ এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা ৭১ নিয়ে মায়া কান্না করে, তারা বাংলাদেশ বিরোধী।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এটি এম আজহারুল ইসলামের মন্তব্যের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি এম আজহারুল ইসলামের গণমাধ্যমের সাথে ভিন্ন প্রসঙ্গে কথা বলার একটি ভিডিও সম্পাদনার মাধ্যমে সেটির কণ্ঠ পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এটিএম আজহারুল ইসলামের এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলে গত ১ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর ফুটেজের মিল রয়েছে। প্রাপ্ত ভিডিওর ১ মিনিট ৩৯ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৫ সেকেন্ডের ফুটেজের কিছুটা মিল পাওয়া যায়। উভয় ভিডিওতেই এই সময় এটিএম আজহারুল ইসলামের পেছন থেকে দুজন যুবককে স্টেজে উঠতে দেখা যায়। কিন্তু ওই মুহুর্তে তাকে একাত্তরের মুক্তিযুদ্ধকে চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে আলোচিত মন্তব্যটির পরিবর্তে ভিন্ন প্রসঙ্গে কথা বলতে শোনা যায়।

এছাড়াও লক্ষ্য করা যায় ভিডিওটিতে সেই সময় আজহারুল ইমলামের মুখভঙ্গিরও পার্থক্য রয়েছে। যেটি হওয়া অস্বাভাবিক। কারণ যেহেতু দুটি ভিডিওর পেছনের দিকে একই ব্যক্তিদের একইভাবে স্টেজে উঠতে দেখা যাচ্ছে, সেহেতু সেসময় আজহারুল ইসলামের মুখভঙ্গিও একই হবার কথা। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে, আলোচিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

সুতরাং, এটি এম আজহারুল ইসলামের একাত্তরের মুক্তিযুদ্ধকে চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে মন্তব্য করার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: