মির্জা আব্বাসের ওপর হামলার দাবিটি ভুয়া, প্রচারিত ছবিটি পুরোনো

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস। এই ঘটনার প্রেক্ষিতে দৈনিক আজকের কণ্ঠ নামক একটি ফেসবুক পেজে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, মির্জা আব্বাসের ওপর হামলা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনা ঘটেনি এবং ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।

দেশ রূপান্তরেরই তোলা ছবিটির ক্যাপশনে বলা হয়, সেদিন রাজধানীর সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলা চলানো হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারকালে হামলায় ৬০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় একদল যুবক লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। দেহরক্ষীরা তাকে না বাঁচালে তাকেও হয়তো হাসপাতালে থাকতে হতো।

মূল ধারার আরেক গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

এদিকে কিওয়ার্ড সার্চ করে মির্জা আব্বাসের ওপর সম্প্রতি কোনো হামলার ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এলে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকেরা।

পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেন। এ সময়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন।

সুতরাং, মির্জা আব্বাসের ওপর হামলার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: