এআই ছবি ব্যবহার করে আসিফ নজরুলের ওপর সন্ত্রাসী হামলার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘সিসিটিভি ফুটেজ দেখুন নিজ বাসভবনের সামনে গণধোলাই খেলেন উপদেষ্টা আসিফ নজরুল ভিডিও দেখুন কমেন্টে’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘ব্রেকিং নিউজ: রাতে সন্ত্রাসী হামলার শিকার উপদেষ্টা আসিফ নজরুল — গুরুতর আহত অবস্থায় হাসপাতালে’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তবে এর প্রকাশকাল উল্লেখ নেই।

কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে সরকারবিরোধী সমালোচনার জন্য পরিচিত উপদেষ্টা আসিফ নজরুল সশস্ত্র হামলার শিকার হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আসিফ নজরুলের মতো সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়া, আসিফ নজরুল ২১ ডিসেম্বর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উক্ত সংবাদে হামলার ভিডিও দাবিতে একটি ভিডিও ও আসিফ নজরুলের রক্তমাখা একটি ছবি যুক্ত করা হয়। ভিডিওটির ওপরে ক্লিক করলে বিভিন্ন জুয়ার সাইটে নিয়ে যায়। পরবর্তীতে, ছবিটি পর্যবেক্ষণ করলে এতে কিছুটা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, আসিফ নজরুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: