সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও গুরুতর অসুস্থতার দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “মোটরসাইকেল করে হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলা” ও ‘গুরু তরক আঘাত পাওয়া হাসনাতের সংখ্যা এখনো কাটেনি ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে’ শিরোনামে দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

১ম দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনার নয় বরং, গত বছরের মে মাসের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, সাম্প্রতিক সময়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হননি হাসনাত আবদুল্লাহ। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আনসারদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা এটি।

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার দাবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৪ মে ‘মোটরসাইকেল করে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত বছরের ৪ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়ি যানজটে আটকে থাকা অবস্থায় হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, চার-পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, , ) প্রচার করে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

গুরুতর অসুস্থতার দাবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ আগস্ট ‘আনসারের হামলায় গুরুতর আহত সমন্বয়ক হাসনাতের জ্ঞান ফিরলেও কাটেনি শঙ্কা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩৯ সেকেন্ড অংশ থেকে ৪৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে এবং ৩৯ সেকেন্ড অংশ থেকে ৫৫ সেকেন্ড অংশের অডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হয়।

উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল (২৬ ফেব্রুয়ারি) করা এক পোস্টে নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এছাড়া আজ (২৭ ফেব্রুয়ারি)ও তাকে পোস্ট করতে দেখা যায়। হাসনাত আবদুল্লাহর ওপর হামলা হলে অথবা তিনি গুরুতর অসুস্থ হলে সে বিষয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট ও গণমাধ্যমে সংবাদ প্রচার হতো।

সুতরাং, সাম্প্রতিক সময়ের হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও গুরুতর অসুস্থতার দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: