লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের ওপর গতকাল সকালে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এ সংক্রান্ত কিছু পোস্টে দাবি করা হয়, “বিএনপির লোকাল ক্যাডাররা প্রথম আলোতে জামায়াতের আবাসিক লেখক মহিউদ্দিন আহমদকে (সাবেক বৈজ্ঞানিক সমাজতন্ত্র) শারীরিকভাবে এই মাত্র ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে লাঞ্ছিত করেছে, নাক ফাটিয়ে দিয়েছে মারতে মারতে।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন Tanzina Nidra, Dalton Souvato Heera।
একই দাবির এক্স পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লেখক মহিউদ্দিন আহমদের ওপর হামলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির বিষয়ে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। লেখক মহিউদ্দিন আহমদ গতকাল এক ফেসবুক পোস্টে জানান, “কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানালেন, ফেসবুকে কে একটা পোস্ট দিয়ে জানিয়েছে, আমার ওপর নাকি বিএনপির লোকেরা হামলা চালিয়েছে। এক শুভাকাঙ্ক্ষী এটা আমাকে পাঠালেন। সেটি পড়লাম। সেই পোস্টদাতা আমার বন্ধুতালিকায় নেই। সম্ভবত ছিল। ইরিটেটিং কথাবার্তার কারণে হয়তো ব্লক বা আনফ্রেন্ড করে দিয়েছিলাম।”
মহিউদ্দিন আহমদ জানান, “আজ সকালেও হাঁটতে গেছি রবীন্দ্র সরোবরে। ল্যাবরেটরি হাইস্কুলের ছোট ভাইদের সঙ্গে আড্ডাও দিয়েছি। বাসায় ফিরে শুনি এই কাণ্ড। সে যা লিখেছে, তা পুরোপুরি মিথ্যা।”
রিউমর স্ক্যানারের পক্ষ থেকে মহিউদ্দিন আহমদের সাথে যোগাযোগ করে গতকাল সকালে তোলা একটি ছবিও সংগ্রহ করা হয়। সঙ্গীদের সাথে তোলা তার ছবিটি বিশ্লেষণ এবং মেটাডাটা যাচাই করে ছবিটি গতকালের বলেই নিশ্চিত হওয়া যায়, যাতে তাকে সুস্থই দেখা গেছে।
মহিউদ্দিন আহমেদ বলছেন, “আমার লেখাজোখা আর কথাবার্তা হজম করতে না পেরে অনেকেই পাগলা কুকুরের মতো খেপে গেছে। এসব পড়লেই বুঝতে পারবেন এরা কোন সম্প্রদায়ের কীট। বিশেষ করে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত আমার কলামটি অনেকের বদহজমের কারণ হয়েছে। এদের মন্তব্য, শব্দচয়ন আর ভাষার ব্যবহার দেখলেই বুঝবেন, এদের ন্যূনতম রুচি আর পারিবারিক শিক্ষা নেই।”
প্রসঙ্গত, জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ০৫ জুন “আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়” শিরোনামে একটি কলাম লেখেন মহিউদ্দিন আহমদ।
সুতরাং, লেখক মহিউদ্দিন আহমদের ওপর হামলার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mohiuddin Ahmad: Facebook Post
- Statement


