সম্প্রতি, ‘এইমাত্র পাওয়া রাতে হাসনাত আবদুল্লাহর উপর লোমহর্ষক হামলা কমেন্টে দেখুন বিস্তারিত দেওয়া হয়েছে।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত মে মাসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবি করে ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘deilynewsupdate24.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘রাতে হাসনাত আবদুল্লাহর উপর লোমহর্ষক হামলা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল ২৪ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা রয়েছে।

কথিত এই প্রতিবেদনে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’ এনসিপির মুখ্য সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সারজিস আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ করা হয়।এনসিপির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বাসসকে বলেন, ঘটনার পর আবদুল্লাহর গাড়ি ঢাকার দিকে রওনা হয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) কাছে বোর্ড বাজার এলাকায় পৌঁছানোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।হাসনাত আবদুল্লাহ সেখানে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয়রা জানিয়েছেন।এর আগে, হামলার পর, সারজিস আলম ফেসবুকে ঘটনাটি সম্পর্কে পোস্ট করে বলেন, গাজীপুরে ১০-১২ জনের একটি দল হাসনাতের গাড়িতে অতর্কিত হামলা চালায়। গাড়ির জানালা ভেঙে ফেলা হয় এবং তার হাত রক্তাক্ত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার জন্য দায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৪ মে ‘গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবি ও তথ্যের সাথে আলোচিত ব্লগস্পটের প্রতিবেদন ও ছবির মিল রয়েছে।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইলে আলোচিত দাবির সম্পক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তার ফেসবুক প্রোফাইলে গতকাল (২৫ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত আসন্ন নির্বাচন বিষয়ক একটি ভিডিও দেখা যায়।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা হয়েছে দাবিতে তার ওপর হামলার পুরোনো ঘটনা প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ
- Hasnat Abdullah – Facebook Profile


