আ.লীগ কর্মীদের গোপালগঞ্জ থেকে ঢাকায় রওনার দৃশ্য দাবিতে নেত্রকোনার পুরোনো ভিডিও প্রচার 

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে গত ১২ নভেম্বর থেকে ‘১৩ তারিখ আওয়ামী লীগের দেওয়া লকডাউন সফল করতে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ৫০০০০ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে নেত্রকোনায় আয়োজিত একটি শোভাযাত্রার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Shojib Sarker Rony নামক ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ০৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয় এর আয়োজিত শান্তি শোভাযাত্রার দৃশ্য।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিবর্গ, তাদের হাতে থাকা ব্যানার, যাবতীয় বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার মিল রয়েছে।

এ বিষয়ে Abubakkar Siddiqui Topu নামক ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ০৯ নভেম্বর প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

পরবর্তীতে, গুগল ম্যাপের সহায়তায় জিও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্থানটি নেত্রকোনা জেলায় অবস্থিত।

সুতরাং, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার দৃশ্য দাবিতে ২০২৩ সালে নেত্রকোনায় আয়োজিত শোভাযাত্রার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: