মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। রায় ঘোষণার পর সেদিন গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করা হয়। এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশের সামনে বুলডোজারসহ একদল বিক্ষোভাকারী অবস্থান নিলে ও পরে বত্রিশ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর থেকে ‘পুরো দেশ আজ অচল করে রেখেছে মুজিব সেনারা ১৭/১১/২০২৫’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের গত ১৭ নভেম্বরের কোনো কর্মসূচির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত অক্টোবরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত র্যালির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Chowdhury নামক টিকটক অ্যাকাউন্টে গত ২৫ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।
পরবর্তীতে, Cumilla24 tv নামক ফেসবুক পেজে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যেটির সাথেও আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার দৃশ্য।
এ বিষয়ে জনকন্ঠের ওয়েবসাইটে গত ২৫ অক্টোবর ‘চৌদ্দগ্রামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে জনতার ঢল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, বাংলাদেশ আওয়ামী লীগের গত ১৭ নভেম্বরের কর্মসূচির দৃশ্য দাবিতে গত অক্টোবরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত র্যালির ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Chowdhury – TikTok Video
- Cumilla24 tv – Facebook Post
- জনকন্ঠ – চৌদ্দগ্রামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে জনতার ঢল


