ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়। ছবিটিতে বিপুল সংখ্যক মানুষের মিছিলে অংশগ্রহণের দৃশ্য দেখা যায়। ছবির ক্যাপশনে দাবি করা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ, ট্রাইব্যুনাল বাতিলের দাবি এবং তুরাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আওয়ামী যুবলীগের কোনো বাস্তব মশাল মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ছবিটি বিশ্লেষণ করে একাধিক অসংগতি শনাক্ত করা যায়। বিশেষ করে, মিছিলে থাকা ব্যানারগুলোর লেখার বিভিন্ন অংশ বিকৃত ও অস্পষ্ট দেখা যায়। সাধারণত এআই-নির্মিত ছবিতে বাংলা লেখা তৈরি করার ক্ষেত্রে এ ধরনের অক্ষর ও ফন্ট বিকৃতি প্রায়ই লক্ষ্য করা যায় যা আলোচিত ছবিটির ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে।

ছবিটি এআই দ্বারা তৈরি বা সম্পাদিত কি না, তা আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণের ফলাফলে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৭ শতাংশ। একই সঙ্গে, এটি তৈরিতে গুগলের Gemini ও Gemini 3 এআই মডেল ব্যবহারের শক্তিশালী ইঙ্গিতও পাওয়া যায়।
এছাড়া, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান চালিয়েও ছবিটির কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য অনলাইন উৎসে প্রকাশিত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, আওয়ামী যুবলীগের প্রতিবাদ মিছিলের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Hive Moderation: Hive Detect AI
- Rumor Scanner’s own analysis


