সম্প্রতি, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রেকিং নিউজ আওয়ামী লীগের সমাবেশ শুরু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৬০ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশের একটি পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩১ জানুয়ারি ‘রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সময় টিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ৩১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে থেকে মানুষ হত্যার পরিকল্পনা না করে সাহস থাকলে দেশে আসেন, আইনি পথে মোকাবিলা করুন। বিএনপি করে নৈরাজ্য আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির নামে যদি আবারো নৈরাজ্য করেন তাহলে নিরাপত্তা বাহিনী লাগবে না জনগণকে নিয়েই আওয়ামী লীগ মোকাবিলা করবে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।
সুতরাং, ২০২৩ সালে তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- DBC NEWS – রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
- Somoynews.tv – সাহস থাকলে দেশে আসেন: তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী


