মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আ.লীগের শ্রদ্ধা নিবেদন দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস , মিরপুরে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামীলীগের নেতা কর্মীদের শ্রদ্ধা নিবেদন ৭১ ভুলিনি!’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের শ্রদ্ধা নিবেদন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এত বড় আকারে কোনো কর্মসূচি পালন করা হলে এ বিষয়টি গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ছবিটির ক্যাপশনে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উল্লেখ করা হলেও ছবিটিতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দৃশ্য লক্ষ্য করা যায়।

আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়, যেমন- বেশকিছু বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের স্থলে মেজেন্টা রংয়ের বৃত্ত রয়েছে। এছাড়া, ছবিটিতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।

ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মীদের মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: