সম্প্রতি, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বলে একটি দাবি টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি এ আমীর খসরুও এমন কোনো ঘোষণা দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ৫৯ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি বরং, উপস্থাপক মনগড়াভাবে আলোচিত দাবিটি উপস্থাপন করেছেন।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে কিংবা এ বিষয়ে অর্থমন্ত্রী কোনো বক্তব্য দিলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আওয়ামী লীগের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ওই অধ্যাদেশকে আইনে রূপ দিতে গত ০৮ এপ্রিল জাতীয় সংসদে বিল পাস হলো।
সুতরাং, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বিএনপি নেতা আমীর খসরু- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League- Facebook Page
- Rumor Scanner’s Own Analysis


