আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তারেক রহমানের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। উক্ত ফটোকার্ডে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন, “আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠতে পারে, ফিরতে পারেন শেখ হাসিনা।”
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোনো বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার নামে উক্ত বক্তব্যটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে কোনো তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য করে থাকলে তা জাতীয় গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য, সংবাদ সম্মেলন বা সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করেও দাবিটির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে “সোহেল মিডিয়া” নাম উল্লেখ করা হয়েছে। এবং এটি “সোহেল ট্রুথ মিডিয়া” নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। তবে উক্ত পোস্টে দাবিটির পক্ষে কোনো তথ্যসূত্র বা প্রাসঙ্গিক বক্তব্যের ভিডিও উপস্থাপন করা হয়নি। এছাড়া “সোহেল ট্রুথ মিডিয়া” কোনো স্বীকৃত বা প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমও নয়।
সুতরাং, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তারেক রহমানের নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- PMO Bangladesh – Facebook Page

