আ.লীগের লকডাউনে সেনা সদস্যের সমর্থন জানিয়ে বক্তব্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার 

আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

এই লকডাউনকে ঘিরে সেনাসদস্যের একটি গাড়ি বহরের ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে এক সেনা সদস্যকে প্রথমে বলতে শোনা যায়– সেনাবাহিনী বৃহস্পতিবারের লকডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

এরপর এক সেনা সদস্যকে সাঁজোয়া যানের মধ্যে থেকে বলতে শোনা যায়– নভেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের হয়ে কাজ করবে সেনাবাহিনী। আমরা, আমরা বিএনপিকে কোনো ধরনের উশৃংখল করতে দেব না।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সেনা সদস্যের মাইকিং করা এবং সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে বেশকিছু্ এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। দেখা যায়, শুরুতে লকডাউন কর্মসূচি ঘিরে মাইকিং করার দৃশ্যে সেনাবাহিনীর গাড়িগুলোতে বাংলাদেশের পতাকা উড়তে দেখা যায়। কিন্তু, সেনাবাহিনীর গাড়িতে সাধারণত বাংলাদেশের এভাবে পতাকা উড়ানো হয় না। এছাড়া, গাড়িতে কোনো চালক দেখা যাচ্ছে না এবং ভিডিওটির ৬ সেকেন্ডের সময় রাস্তার পাশে থাকা এক ব্যক্তিকে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়।

পরের দৃশ্যে সেনা সদস্য সাঁজোয়ায় বসে আওয়ামী লীগের পক্ষে থাকার ঘোষণা দিতে দেখা যায়। ভিডিওর ৮ সেকেন্ডে তিনি বাম হাতে মাইক্রোফোন ধরে আছেন, কিন্তু পরমুহূর্তেই উঠে দাঁড়ানোর সময় মাইক্রোফোনটি কোনো মধ্যবর্তী দৃশ্য ছাড়াই হঠাৎ ডান হাতে চলে যায়। এছাড়া, ভিডিওটিতে ‘Veo’ এর লোগোও রয়েছে।

পরবর্তীতে আলোচিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭২.৯ শতাংশ।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে সেনা সদস্য কর্তৃক আ.লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে মাইকিং এবং উক্ত কর্মসূচি সমর্থন করে সেনা সদস্যের বক্তব্য দেওয়ার বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Hive Moderation
  • Rumor Scanner’s Analysis
Share: