গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “ব্রেকিং নিউজ গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলন” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩৩ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলনের নয় বরং, ২০২২ সালের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ নভেম্বর ‘গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলন শুরু’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, , ) প্রচার করে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল দেখা গেলেও বড় কোনো সম্মেলন বা মিছিল দেখা যায়নি।

সুতরাং, ২০২২ সালে গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: