আ.লীগের লকডাউন সমর্থনে একদিন পূর্বেই ঢাকা রণক্ষেত্র দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে লকডাউনের একদিন পূর্বে ঢাকায় রণক্ষেত্র শুরু হয়ে গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় লকডাউনের একদিন পূর্বেই রণক্ষেত্র শুরু হয়ে গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কাল্পনিক ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে বেশকিছু্ এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। রিপোর্টারের হাতে থাকা মাইক্রোফোনে (বুম) ‘Channel ai Sohel’ শীর্ষক নামের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এছাড়া, আশেপাশের বিক্ষোভকারীদের অবস্থান, তাদের অস্বাভাবিক নড়াচড়া এবং মূল সড়কে আগুনের পাশে পানিতে চলার নৌকা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে, ভিডিওটির উৎস অনুসন্ধানে ‘Riziker rasta – রিজিকের রাস্তা’ নামক ফেসবুক পেজে গত ১১ নভেম্বরে হুবহু একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। এছাড়া, পেইজে থাকা অন্যান্য কনটেন্টগুলো পর্যবেক্ষণে একই ব্যক্তির অনুরূপ একাধিক (এক, দুই, তিন) এআই নির্মিত ভিডিও প্রচার হতে দেখা যায়।

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। 

অর্থাৎ, এসব তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, ঢাকা লকডাউন ঘিরে একদিন পূর্বেই ঢাকায় রণক্ষেত্র শুরু হয়ে গেছে দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ঢাকায় লকডাউনের একদিন পূর্বেই রণক্ষেত্র শুরু হয়ে গেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Riziker rasta – রিজিকের রাস্তা: Facebook Post
  • Rumor Scanner’s analysis 
Share: