আ.লীগ ব্যতিত নির্বাচন প্রত্যাখান করে জনসাধারণের বিক্ষোভের দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে দেশের জনসাধারণ আসন্ন নির্বাচন প্রত্যাখান করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে দাবিতে Mustafa Kamal Pasha নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

একই দাবিতে ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

নির্বাচন বাতিলের দাবিতে জনসাধারণ নির্বাচন কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

নির্বাচনের বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ মিছিল করার দাবিতে প্রচারিত চতুর্থ ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওগুলো আসন্ন নির্বাচন প্রত্যাখান করে দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের বিক্ষোভ মিছিল করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটিতে একটি ব্যানার হাতে তরুণদের একটি মিছিল দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটির বামপাশে উপরের দিকে একটি লোগোও দেখতে পাওয়া যায়। উল্লিখিত উপাদানগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করে ব্যানারটিতে ঝাপসাভাবে ‘ডিপ্লোমা’ এবং লোগোটিতে ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট’ লেখা দেখতে পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম-এর ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটিতে দেখতে পাওয়া ব্যানারে উল্লেখ করা হয়েছে এটি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ এর প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রীধারীদের সমস্যা নিরসন কমিটি বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির মিছিলের ভিডিও। উক্ত কর্মসূচিটি কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বলেও ব্যানারটি থেকে জানা যায়। পাশাপাশি ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, ভিডিওতে দেখতে পাওয়া শিক্ষার্থীদের মিছিলটি নির্বাচন ভবনের দিকে অগ্রসর হচ্ছে।

পরবর্তীতে একই ঘটনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির পেজে প্রচারিত ভিডিওটিতে উল্লেখ করা হয় স্মারকলিপি প্রদানের‌ লক্ষ্যে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা কার্যালয়েও যান। ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষার্থীরা সেদিন নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টা, উভয় কার্যালয়েই স্মারকলিপি প্রদান করেন।

আরেক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষার্থী মনে করছেন বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান পেশাগত সমস্যা নিরসন’ আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে বিএসসি এবং ডিপ্লোমা উভয় প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে। যেটিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে দাবি করছে কারিগরি ছাত্র আন্দোলন। তাই তারা সেদিন উভয় কার্যালয়ে স্মারণলিপি প্রদান করেন।

অর্থাৎ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারায় জনসাধারণের নির্বাচন প্রত্যাখান করে বিক্ষোভ করার দাবিটির সাথে উক্ত ভিডিওর কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ২

একই দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Device exchange BD নামের একটি মোবাইল ফোন বিক্রয়কারী প্রতিষ্ঠানের ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি তোয়েব নামের ব্যক্তির পদত্যাগের দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলের ভিডিও। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সমকালের ইউটিউব চ্যানেলে একই মিছিলের ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে ধারণ একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। গণমাধ্যমটির ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয় বিক্ষোভ মিছিলের ভিডিওটি আগারগাঁওয়ে ধারণ করা হয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, গত ২৯ অক্টোবর অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর ঘোষণা দেয় সরকার। যেটি ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগেই মোবাইল ফোন ব্যবসায়ীরা এনইআইআর ঘোষণার প্রেক্ষিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। আলোচিত ভিডিওটি সেই আন্দোলনেরই একটি বিক্ষোভ মিছিলের। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৩

নির্বাচন বাতিলের দাবিতে জনসাধারণের নির্বাচন কমিশনারের কার্যালয় ঘেরাও করার দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে নির্বাচন কমিশনের কথা উল্লেখ থাকলেও কি কারণে বা কারা সেখানে অবস্থান নিয়েছে সেবিষয়ে কোনো তথ্য ভিডিওটিতে পাওয়া যায়নি।

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে গণমাধ্যমটিতে একইদিনে প্রকাশিত ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা যায় সেদিন নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করে। এশিয়া পোস্টের ফেসবুক পেজে সেদিনের বিক্ষোভ কর্মসূচির একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, উক্ত ভিডিওটির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৪

আলোচিত দাবিতে প্রচারিত সর্বশেষ ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে al momin sikdar নামের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর মাঝের অংশ ক্রপ করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে। কারণ উভয় ভিডিওতে একই ব্যক্তিদের দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি গফরগাঁও উপজেলার ভিডিও। পাশাপাশি ভিডিওটিতে দেখতে পাওয়া মিছিলের ব্যানার সূক্ষ্মভাবে পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, এটি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ভিডিও।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে একই বিক্ষোভ মিছিলের ছবি সংবলিত একটি ফেসবুক পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, মিছিলটি ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের আগের দিনের। সেসময় দেশব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগ মিছিলটি করে।

অর্থাৎ, উক্ত বিক্ষোভ মিছিলের ভিডিওটির সাথেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘটনায় জনসাধারণের নির্বাচন প্রত্যাখান করে দেশের একাধিক স্থানে বিক্ষোভ মিছিল করার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: