আ.লীগের পতনের পর ছাত্র-জনতার বিজয় উল্লাসের দৃশ্যকে সম্প্রতি আ.লীগের মিছিল দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে সড়কে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। ভিডিওটির সঙ্গে সংযুক্ত ক্যাপশনে দাবি করা হয়, “আজ সারাদেশে নতুন আন্দোলন, আওয়ামী লীগ মাঠে। খেলা হবে। শেখ হাসিনা, তোমার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই।”
উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো আন্দোলনের দৃশ্য নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামে জুলাই আন্দোলনকারীদের বিজয় উল্লাসের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে, জাতীয় দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সঙ্গে প্রথম আলোর প্রকাশিত ভিডিওর বিভিন্ন দৃশ্য, জনসমাগমের বিন্যাস এবং আশপাশের স্থাপনার মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “চট্টগ্রামে লাখো মানুষের বিজয় উল্লাস”।

এ বিষয়ে আরও অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৫ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। মুহূর্তের মধ্যেই বন্দরনগরীর বিভিন্ন সড়ক জনসমাগমে পূর্ণ হয়ে যায় এবং মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। প্রতিবেদনে আরও বলা হয়, ওইদিন নগরীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে এবং বিভিন্ন মোড়ে আনন্দ-উল্লাসে অংশ নেয়। অনেকে মিষ্টি বিতরণ, ফুল বিনিময় এবং স্মারক ছবি তোলার মাধ্যমে ঘটনাটিকে উদযাপন করেন।
সুতরাং, আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – Facebook Video
- BSS News – শেখ হাসিনার পতনের দিন মিছিলে মুখরিত ছিল চট্টগ্রাম

