জামায়াত-আ.লীগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেননি ড. ইউনূস, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “আওয়ামী লীগ জামায়াত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ড. মুহাম্মদ ইউনূসের ভিন্ন মন্তব্য সংবলিত যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, যমুনার ফেসবুক পেজে গত ২৪ অক্টোবর ‘প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে ‘প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আওয়ামী লীগ জামায়াত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত যমুনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেয়ার কথা ছিলো তার। গত ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস “আওয়ামী লীগ জামায়াত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: