আওয়ামী লীগ নেতার শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার দাবি, প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে নির্যাতনের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘পিতাকে না পেয়ে আওয়ামীলীগ নেতার শিশু ছেলেকে পানিতে ছুড়ে ফেলে হত্যার দৃশ্য!!’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ৪ জুন কুমিল্লার শাসনগাছা এলাকায় লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে নির্যাতনের ঘটনার। এই ঘটনায় শিশুটির মৃত্যু হয়নি।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম সময় টিভির সাংবাদিক পরিচয় দেওয়া ‘বাহার উদ্দিন রিহান’ এর ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ জুনে প্রচারিত একটি ভিডিও যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিও সম্পর্কে ক্যাপশনে দাবি করা হয়, ‘লিচুর ডাল ভাঙার ‘অপরাধে’ শিশুর উপর নির্যাতন-মানবিকতার প্রশ্নে কুমিল্লা শাসনগাছা কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে, যেখানে লিচুর ডাল ভেঙে ফেলার অভিযোগে এক নিষ্পাপ শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৪ জুন ২০২৬ তারিখে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অমি নামের এক যুবক এ ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল মেম্বারের ছেলে।..’

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এনটিভির ওয়েবসাইটে এ বিষয়ে গত ৫ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত ভিডিও থেকে ধারণকৃত একটি স্ক্রিনশটেরও সংযুক্তি পাওয়া যায়। ঘটনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে আছাড় মেরে নির্মম নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আজ শুক্রবার (৫ জুন) বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।.. ওসি তৌহিদুল আনোয়ার স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তি শাসনগাছা বড় বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে অমি (৩০)। প্রতিবেশী মো. হাসানের শিশু সন্তান তাদের একটি লিচুগাছের ডাল ভেঙে ফেলে বলে অভিযোগ তোলেন তিনি। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় শিশুটিকে এ নির্যাতন করেন তিনি।..’
ভিডওটির বিষয়ে একইরকম তথ্য আরো একাধিক গণমাধ্যম সূত্রেও জানা যায়। তবে কোথাও শিশুটির মৃত্যু হওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং, ‘বাহার উদ্দিন রিহান’ এর প্রচারিত ভিডিওর শেষাংশে শিশুকে পানি থেকে উঠে দৌড়ে যেতে দেখা যায়।
সুতরাং, পিতাকে না পেয়ে আওয়ামীলীগ নেতার শিশু ছেলেকে পানিতে ছুঁড়ে ফেলে হত্যা দাবিতে লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে শিশু নির্যাতনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bahar Uddin Rihan – Facebook Post
- NTV – লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
- Jugantor – লিচুর ডাল ভাঙায় শিশুকে পানিতে নিক্ষেপ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

