আ.লীগের লকডাউনের সমর্থনে জনসাধারণের সড়কে আগুন দিয়ে বিক্ষোভের দাবিতে এআই ভিডিও প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত কর্মসূচির সমর্থনে জনসাধারণ সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ‘১৩ তারিখের লকডাউনের জন্য আজ সন্ধ্যায় মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস!!’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে জনসাধারণের সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে বেশকিছু্ এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। দেখা যায়, ভিডিওতে দৃশ্যমান সড়কের দুই পাশে উপস্থিত লাল রঙের ব্যানার দুটির লেখাগুলো বিকৃত। এছাড়াও ভিডিওর সামনে দেখতে পাওয়া ব্যক্তির হাতের লাঠিতে প্রথম দিকে আগুন ডগায় থাকলেও পরবর্তীতে আগুনটি তার হাতের ওপর চলে আসতে দেখা যায়। এতে তার কোনো প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি।

পরবর্তীতে আলোচিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

অর্থাৎ, এসব তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, ঢাকা লকডাউনকে কেন্দ্র করে জনসাধারণের বিক্ষোভ করার দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে জনসাধারণের সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hive Moderation
- Rumor Scanner’s Analysis

