ময়মনসিংহে আ.লীগের লকডাউনের সমর্থনে রাস্তা অবরোধের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার 

আজ (১৩ নভেম্বর) রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

এই লকডাউন কর্মসূচি সমর্থনে ময়মনসিংহের জনগণ রাস্তা অবরোধ করেছে দাবিতে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সমর্থনে ময়মনসিংহে রাস্তা অবরোধের দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন এএ ইয়ার্ন মিলস লিমিটেড নামক সুতা কারখানার শ্রমিকেরা। সেই ঘটনার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে মো. সুমন গাজী নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৩ নভেম্বর প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবির সাথে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে।

উক্ত পোস্টে দাবি করা হয়েছে, ‘শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ ও এএ ইয়ার্ন কারখানায় ভাংচুরের ঘটনায় প্রায় ১০০কোটি টাকার ক্ষতি উল্লেখ্য করে ৪০০/৫০০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা।’

এই সূত্র ধরে অনুসন্ধানে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ০২ নভেম্বর “শ্রীপুরে সুতা কারখানা ভাঙচুর: ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন এলাকার এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা৷ ওইদিন বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে গত ৩১ অক্টোবর কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কারখানা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও আসবাবপত্র লুটপাটের ঘটনা উল্লেখ করা হয়েছে।

উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথেও আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ছবির মিল রয়েছে।

এছাড়া, একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বিডিনিউজ ২৪, এখন টিভি, বাংলা ট্রিবিউনও

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে রাস্তা অবরোধের নয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা লকডাউন সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, গত ২৩ অক্টোবর গার্মেন্টস্ শ্রমিক কর্তৃক রাস্তা অবরোধের ছবিকে ১৩ নভেম্বর আ.লীগের ঢাকা লকডাউন কর্মসূচি সমর্থনে ময়মনসিংহের জনগণ কর্তৃক রাস্তা অবরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: