নির্বাচনকে সামনে রেখে আ. লীগের সমর্থনে ‘নৌকা নাই ভোট ও নাই’ শীর্ষক গ্রাফিতি অঙ্কনের দাবিতে সম্পাদিত ছবি প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরই দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনের বাইরে থাকছে দলটি। জাসদ ব্যতীত ১৪ দলের অন্যান্য শরিক দলও রয়েছে ভোটের বাইরে। এর প্রেক্ষিতে সম্প্রতি দেশের একাধিক স্থানের দেয়ালে ‘নৌকা নাই, ভোটও নাই’ শীর্ষক গ্রাফিতি করা হয়েছে দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি সংবলিত একটি পোস্ট করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

একই ছবিগুলো সংবলিত ফেসবুকের অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন একটি ছবি সংবলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দেশের একাধিক স্থানে ‘নৌকা নাই, ভোটও নাই’ শীর্ষক গ্রাফিতি অঙ্কনের দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন দেওয়ার ছবি সম্পাদনা করে তাতে আলোচিত গ্রাফিতিটি অঙ্কন করে তা প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানে মার্কিন গণমাধ্যম bloomberg-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ অক্টোবর Dhaka’s Revolutionary Makeover Pits Visions of Peace Against Vengeance শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এটিতে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বেশ মিল রয়েছে। দুটো ছবিই একই দেওয়ালের। এমনকি উভয় ছবিতে সড়কের মাঝে একই সবুজ ও গোলাপী রঙের ট্রাফিক কোণ দেখতে পাওয়া যায়। পাশাপাশি সড়কে পরা গাছের ছায়াও একই ছবি দুটিতে। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দেয়ালে দেখতে পাওয়া মওলানা ভাসানীর বাণী সংবলিত গ্রাফিতি মুছে দিয়ে তাতে আওয়ামী লীগ সমর্থিত গ্রাফিতি ‘নৌকা নাই, ভোটও নাই’ আঁকা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এতটা সূক্ষ্মভাবে সম্পাদনা করা হয়েছে যা দেখে মনে হচ্ছে ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করা হয়েছে। তাই প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে।

ছবি যাচাই ২

একই গ্রাফিতি সংবলিত দ্বিতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মার্কিন গণমাধ্যম Medium এর ওয়েবসাইটে ২০২০ সালের ৩০ জানুয়ারি Dhaka Beats: Deep Dive into the “Unlivable” City শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির Political Battles on University Grounds শীর্ষক অংশে আলোচিত ছবিটির সন্ধান পাওয়া যায়। তবে ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ছবিতে একই জায়গায় ‘নৌকা নাই, ভোটও নাই’ শীর্ষক গ্রাফিতির পরিবর্তে আবরার ফাহাদকে নিয়ে অঙ্কিত গ্রাফিতি বিদ্যমান। প্রতিবেদনটিতেও উল্লেখ করা হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রাজনৈতিক হামলার শিকার হয়ে নিহত হওয়া আবরার ফাহাদকে নিয়ে অঙ্কিত গ্রাফিতির ছবি। যা থেকে নিশ্চিত হওয়া যায়, উক্ত ছবিটি সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে গুগলের ‘SynthID’ প্রযুক্তি ব্যবহার করা হলে জানা যায়, এটিও এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ৩

সর্বশেষ ছবিটির বিষয়ে অনুসন্ধানে Marland নামের একজন মার্কিন ব্যক্তির ব্যক্তিগত ওয়েবসাইটে ২০১২ সালের ১৫ অক্টোবর একই জায়গার ছবিটি প্রচারিত হতে দেখা যায়।

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, উভয় ছবিতে একই স্থানে একই রিকশা, সিএনজি ও লেগুনা রয়েছে। এছাড়াও দুটি ছবিতে সকল স্থাপনাগুলোও একই রকম। তবে প্রাপ্ত ছবির দেয়ালে আলোচিত ছবিটির মত ‘নৌকা নাই, ভোটও নাই’ শীর্ষক গ্রাফিতি দেখতে পাওয়া যাচ্ছে না। যা থেকে ধারণা করা যাচ্ছে, পুরোনো এই ছবিটি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে উক্ত ছবিটির ক্ষেত্রেও গুগলের SynthID প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, এই ছবিটিও এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে আলোচিত গ্রাফিতিটি যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, ভিন্ন ভিন্ন স্থাপনার ছবি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে আওয়ামী লীগ সমর্থিত গ্রাফিতি অঙ্কন করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সুতরাং, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের একাধিক স্থানের দেয়ালে ‘নৌকা নাই, ভোটও নাই’ শীর্ষক গ্রাফিতি অঙ্গন করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: