নির্বাচনে আ.লীগসহ সকল দলের অংশগ্রহণ না হলে ব্যবস্থা নেওয়া হবে দাবিতে ট্রাম্পের নামে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে, ‘বাংলাদেশে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা বাংলাদেশে ফ্রি, ফয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এর ব্যাতিক্রম হলে আমরা কঠিন ব্যবস্থা নেবো। এর ব্যাতিক্রম হলে কোনো সরকারই একদিনও টিকতে পারবে না।’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আ.লীগ সহ সকল দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, না হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে শীর্ষক কোনো মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেননি। প্রকৃতিপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিও বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প আলোচিত মন্তব্যটি করলে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলে এবং হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.০৩% এবং ৯৯.৫%।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সুতরাং, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এআই দিয়ে তৈরি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
Share: