সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “ব্রেকিং নিউজ মাঠে নামছে আওয়ামী লীগ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ আয়োজনের কথা বলা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫০ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো শান্তি সমাবেশের নয়; বরং এটি ২০২৩ সালের পুরোনো একটি ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে আরটিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ অক্টোবর ‘শান্তির সমাবেশ সফল করতে সভাস্থলে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ব্যাপক লোক জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশ করেছিল দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকাজুড়ে হয় বিএনপির মহাসমাবেশ।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল দেখা গেলেও বড় কোনো সম্মেলন বা মিছিল দেখা যায়নি।
সুতরাং, ২০২৩ সালে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rtv News – শান্তির সমাবেশ সফল করতে সভাস্থলে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা
- Bangla Tribune – কেমন চলছে দুই দলের সমাবেশ, দেখুন ছবিতে

