সম্প্রতি রাজধানীজুড়ে আ.লীগের মিছিল দাবিতে ২০২৩ সালের ছবি ও এআই ভিডিও প্রচার

সম্প্রতি, “রাজধানী জুড়ে আওয়ামী লীগের মিছিল” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮২ লক্ষাধিক বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় ও ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বাড্ডায় আ.লীগের মিছিলের ছবিকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

ছবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৩ সালের ৮ নভেম্বর ‘বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বাড্ডায় আ.লীগের মিছিল’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপি-জামায়াতের ডাকা দুদিনব্যাপী অবরোধের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে রাজধানীর বাড্ডার ইউলোপের নিচে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ভিডিও যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।

সুতরাং, ২০২৩ সালে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বাড্ডায় আ.লীগের মিছি্লের ছবিকে সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: