সম্প্রতি ‘গোপালগঞ্জ নারী পুরুষ এক সাথে হাই স্কুল মাঠ থেকে মশাল মিছিল শুরু করল’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলের নয়; বরং গত অক্টোবর মাসে তিস্তা নদী রক্ষার দাবিতে তিস্তাপাড়ের মানুষদের মশাল হাতে আন্দোলনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দ্য ডেইলি স্টার বাংলার ওয়েবসাইটে গত ১৬ অক্টোবর ‘‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরের মানুষ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর উভয় তীরে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন তিস্তাপাড়ের মানুষ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তাপাড়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মশাল হাতে একযোগে স্লোগান দেন— ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’।
সেসময় অন্যান্য গণমাধ্যমও তিস্তা রক্ষা আন্দোলন সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে (১, ২, ৩) উক্ত ছবিটি ব্যবহার করে।
অর্থাৎ, এটি গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলের কোনো ছবি নয়।
সুতরাং, গত অক্টোবরে তিস্তা রক্ষা আন্দোলনের ছবিকে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star বাংলা – ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরের মানুষ


