দিনাজপুরে শিবলী সাদিকের নেতৃত্বে আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

গত ২৮ নভেম্বর “দিনাজপুর ৬ আসনে শিবলী ভাইয়ের নেতৃত্বে আজ মিছিল হয়েছে” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো মিছিলের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে দলটির পুরোনো মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শিবলী সাদিক নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট সংযুক্ত প্রথম ছবিতে থাকা সামনের সারির ব্যক্তিবর্গ ও ব্যানারের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যানার ও ব্যক্তিদের মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি বিরামপুর উপজেলায় ‘বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের ঘটনার।
পরবর্তীতে একই দিনে ‘Mrettunjoy Shadesh’ নামক ফেসবুক অ্যাকাউন্টেও একই দিনের বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিককে জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে একাধিক হত্যা, দুর্নীতি মামলা থাকলেও তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
সুতরাং, ২০২৩ সালে দিনাজপুরে শিবলী সাদিকের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shibli Sadeeq – Facebook Post
- Mrettunjoy Shadesh – Facebook Post
- Prothom Alo – বিরামপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

