নির্বাচনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও প্রচার

আগামীকাল নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ মিছিল করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত প্রথম ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)
প্রচারিত দ্বিতীয় ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওগুলো নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো বিক্ষোভ মিছিলের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় ধারণ করা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বণিক বার্তার ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর প্রথম অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটি এবং দ্বিতীয় অংশের সাথে একই দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ২০২৪ সালের আন্দোলনের সময় বণিক বার্তায় প্রকাশিত উক্ত ভিডিওটি দুই অংশে বিভক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকা থেকে ধারণ করা হয়। অর্থাৎ, উক্ত ভিডিওর সাথে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, ২০২৪ সালের আন্দোলনের ভিডিওকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bonik Barta Digital Facebook Post: উত্তরা ও আশেপাশের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ
- Rumor Scanner’s Analysis

