গতকাল ২৩ জুন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এরই প্রেক্ষিতে একদিন পূর্বেই ঝিনাইদহে পুলিশের বাঁধা উপেক্ষা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদন দেখুন ফ্রিডম বাংলা নিউজ।
অনুরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঝিনাইদহে সম্প্রতি আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে সম্প্রতি আ.লীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৮ আগস্টে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে ২০২২ সালের ২৮ আগস্টে কালীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনারই।
সুতরাং, ২০২২ সালে কালীগঞ্জ উপজেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে সম্প্রতি আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP: পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


