‘আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরবে’ বলে মন্তব্য করেননি তারেক রহমান

গত ১০ ফেব্রুয়ারি থেকে ‘আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরবে’ শিরোনামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবিযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লক্ষ ২৯ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৪ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৬ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরবে’ শীর্ষক এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে তারেক এরূপ কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তারেক রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের সূত্রে একাধিক গণমাধ্যমের (, , ) ওয়েবসাইটে গত ০৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না’ এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’

উক্ত তথ্যাবলীর আলোকে ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়া বিষয়ে তারেক রহমানের দেওয়া বক্তব্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করে তার নামে আলোচিত ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমান ‘আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: