সম্প্রতি, “ব্রেকিং নিউজ আগামীকাল মাঠে নামতেছে আওয়ামী লীগ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩২ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগ এনে তার প্রতিবাদে সাভারে আওয়ামী লীগের জনসমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ ডিসেম্বর ‘বিএনপি’র সমাবেশের দিনে, প্রবেশদ্বার সাভারেও জনসভা করবে আওয়ামী লীগ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২২ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১০ ডিসেম্বর (২০২২) ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভা উপলক্ষে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। কেন্দ্রীয় নেতাদের ছবি ও পোস্টার টাঙানো হয়েছে। প্রস্ততির শেষ সময়ে জনসভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
সুতরাং, ২০২২ সালে সাভারে আওয়ামী লীগের জনসমাবেশ আয়োজনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- NEWS24 – বিএনপি’র সমাবেশের দিনে, প্রবেশদ্বার সাভারেও জনসভা করবে আওয়ামী লীগ
- The Daily Star Bangla – সাভারে আ. লীগের আগামীকালের জনসভার জন্য প্রস্তুত মঞ্চ


