ঢাকায় আ.লীগের মিছিলের দৃশ্য দাবিতে চট্টগ্রামে শিবিরের মিছিলের ভিডিও প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ঐদিন, ‘আজকে ঢাকার নতুন খবর ৮ কোটি আওয়ামীলীগকে দমিয়ে রাখা এত সোজা নয়’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৯৬ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের কোনো মিছিলের নয় বরং, ১২ নভেম্বর চট্টগ্রামে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ব্যানারের সূত্র ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিসিয়াল ফেসবুক পেজে ১২ নভেম্বর ‘জুলাইসহ সকল গ*ণ*হ*ত্যা*র বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নি*ষি*দ্ধ আওয়ামী লীগ কর্তৃক না*শ*ক*তা সৃষ্টির প্রতিবাদে- “বিক্ষোভ মিছিল ও সমাবেশ” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর।’ শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১৫ মিনিট ৫০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যানার ও সামনে থাকা জনতার মিল রয়েছে। তবে ভিডিওর দৃশ্যের মিল থাকলেও অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি।

উক্ত ভিডিওতে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর, ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়… ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অর্থাৎ, উক্ত ঘটনার ভিডিওর অডিও অংশ সম্পাদনার মাধ্যমে প্রচারিত ভিডিওটি বানানো হয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে গত ১২ নভেম্বর প্রকাশিত একটি পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, সেদিন জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। 

সুতরাং, ১২ নভেম্বর চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ভিডিওকে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: