গুলিস্থানে ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে, ‘12/11/2025 জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে দাবি করা হয়, এটি রাজধানীর গুলিস্তানে আ.লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ছাত্রলীগের কোনো মিছিলের নয় বরং, গত জুনে প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের বিক্ষোভ সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ব্যানারের সূত্র ধরে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজে গত ২৭ জুন ‘হি’ন্দু মহাজোটের মিছিলে পুলিশের বাঁধা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জাগো রে জাগো হিন্দু জাগো, রেল উপদেষ্টার পদত্যাগ দিতে হবে দিতে হবে, ওসি নূরনবীর পদত্যাগ দিতে হবে দিতে হবে, লালমনিরহাটে হামলা কেনো? বিচার চাই জবাব চাই ’ বলতে দেখা যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ২৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে খিলক্ষেতে শ্রী শ্রী দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। মানববন্ধনে বক্তব্য দেন- হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রচার (, , ) করে।

সুতরাং, গত জুনে প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের বিক্ষোভ সমাবেশের ভিডিওকে গুলিস্থানে ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

Share: