ঢাকায় আ.লীগের মিছিলের দৃশ্য দাবিতে কুমিল্লায় বিএনপির মশাল মিছিলের ভিডিও প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ঐদিন, ‘ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে সবাই বেশি বেশি শেয়ার করে দিন জয়_বাংলা_জয়_বঙ্গবন্ধু ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘’শেখ হাসিনা, টেকনাফ থেকে শেখ হাসিনা, তেতুলিয়া শেখ হাসিনা, সারা বাংলায় শেখ হাসিনা’ স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের কোনো মিছিলের নয় বরং, ১১ নভেম্বরে কুমিল্লায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ব্যানারের সূত্র ধরে কুমিল্লার স্থানীয় গণমাধ্যম দৈনিক কুমিল্লার জমিনের ফেসবুক পেজে ১১ নভেম্বর ‘কুমিল্লা সদর আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়নের দাবিতে কুমিল্লা নগরীতে মশাল মিছিলের প্রস্তুতি’ শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২ মিনিট ৫০ সেকেন্ড অংশ থেকে ৩ মিনিট ৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যানার ও সামনে থাকা জনতার মিল রয়েছে। তবে ভিডিওর দৃশ্যের মিল থাকলেও অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি।

উক্ত ভিডিওতে জনতাকে ‘’লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, কুমিল্লাতে কোনো নেতা আছে না-কি? আছে। কোন সে নেতা? ইয়াসিন ভাই। আমি কে? ইয়াসিন ভাই। তুমি কে? ইয়াসিন ভাই।’ বলতে দেখা যায়।

অর্থাৎ, উক্ত ঘটনার ভিডিওর অডিও অংশ সম্পাদনার মাধ্যমে প্রচারিত ভিডিওটি বানানো হয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক সকালের সময়ের ওয়েবসাইটে ১২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে বিএনপির স্থানীয় তৃনমূল নেতাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে ১১ নভেম্বর সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রচার (, , ) করে।

সুতরাং, কুমিল্লায় বিএনপি নেতা হাজী ইয়াছিনকে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিলের ভিডিওকে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: